পাঁচ বছরে প্রধানমন্ত্রীর বিদেশ সফরে ব্যয় ২৯৩ কোটির বেশি টাকা
রাজ্যসভায় প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৬ (এখন পর্যন্ত) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরে মোট ব্যয় হয়েছে প্রায় ২৯৩.২ কোটি টাকা। এর মধ্যে ২০২৬ সালেই (ফ্রান্স সফরের ব্যয় বাদ দিয়ে) প্রায় ₹৭৪.৬ কোটি ব্যয় হয়েছে।
রাজনীতিদেশ
নিতীশ কুমার মন্ডল
8/6/20261 min read


ছবিঃ জুলাইতে বিদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন মোদী (বিদেশ মন্ত্রকের ওয়েব সাইট থেকে)
সংসদে বাদল অধিবেশনে রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে ২০২১ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরের দেশভিত্তিক ব্যয় ও সফরসূচি নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। রাজ্যসভায় প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৬ (এখন পর্যন্ত) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরে মোট ব্যয় হয়েছে প্রায় ₹২৯৩.২ কোটি টাকা। এর মধ্যে ২০২৬ সালেই (ফ্রান্স সফরের ব্যয় বাদ দিয়ে , কারণ চূড়ান্ত হিসাব এখনও প্রস্তুত নয়) প্রায় ₹৭৪.৬ কোটি ব্যয় হয়েছে। রাজ্যসভায় গতকাল এক প্রশ্নের লিখিত উত্তরে বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা জানান, প্রধানমন্ত্রী স্তরের বিদেশ সফর কেবল কূটনৈতিক আনুষ্ঠানিকতা নয়, বরং বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা, জ্বালানি, বিনিয়োগ ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের অন্যতম প্রধান মাধ্যম। ২০২১ সালের এপ্রিল থেকে ২০২৫ এর ডিসেম্বর পর্যন্ত ভারতে মোট ৩৮১.৮ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ₹৩৩.৪ লক্ষ কোটি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (FDI) এসেছে বলেও দাবী করেছেন তিনি।
চলতি বছরে প্রধানমন্ত্রী ইতিমধ্যেই এশিয়া, ইউরোপ ও ওশিয়ানিয়া মহাদেশের একাধিক গুরুত্বপূর্ণ দেশ সফর করেছেন। সংসদে দেওয়া তথ্য অনুযায়ী ফেব্রুয়ারিতে মালয়েশিয়া ও ইজরায়েল সফরের পর মে মাসে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালি সফর করেন তিনি। এরপর জুনে ফ্রান্স ও স্লোভাকিয়া, সেশেলস এবং জুলাইয়ে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর করেন। ২০২১ থেকে এখন পর্যন্ত ৫৪ টি দেশে বিদেশ সফর করেছেন তিনি।
সরকারি নথি অনুযায়ী, চলতি বছরের সফরগুলির মধ্যে নরওয়ে সফরে ব্যয় হয়েছে প্রায় ₹১৭.৪৭ কোটি, যা এ পর্যন্ত প্রকাশিত হিসাবের মধ্যে সর্বাধিক। ইজরায়েল সফরে ব্যয় হয়েছে প্রায় ₹১১.৯২ কোটি এবং সেশেলস সফরে ₹৮.২২ কোটি। অন্যদিকে মালয়েশিয়া সফরে ব্যয় হয়েছে ₹৫.৫৭ কোটি। ফ্রান্স সফরের ব্যয়ের চূড়ান্ত হিসাব এখনও প্রস্তুত হয়নি বলে জানিয়েছে সরকার।
২০২৫ সালে প্রধানমন্ত্রী ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, মরিশাস, সৌদি আরব, কানাডা, ব্রাজিল, যুক্তরাজ্য, চীন, জাপান, দক্ষিণ আফ্রিকা, ভুটান-সহ একাধিক দেশ সফর করেন। এর মধ্যে ফ্রান্স সফরে ব্যয় হয় প্রায় ₹২৫.৬০ কোটি এবং ব্রাজিল সফরে প্রায় ₹১৭.৭২ কোটি। মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরব সফরেও উল্লেখযোগ্য ব্যয়ের তথ্য সংসদে প্রকাশ করা হয়েছে।
সংসদে পেশ করা নথি অনুযায়ী, ২০২৪ সালে প্রধানমন্ত্রী মোট ১১টি বিদেশ সফর করেন। এর মধ্যে ইতালি, রাশিয়া, পোল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, কুয়েত-সহ একাধিক দেশ ছিল সফরসূচিতে।
২০২৩ সালে জাপান, অস্ট্রেলিয়া, পাপুয়া নিউ গিনি, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরশাহী, দক্ষিণ আফ্রিকা, গ্রিস ও ইন্দোনেশিয়া সফর করেন প্রধানমন্ত্রী।
২০২২ সালে জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স, নেপাল, জাপান, উজবেকিস্তান ও ইন্দোনেশিয়া সফর এবং ২০২১ সালে বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি ও যুক্তরাজ্য সফরের ব্যয়ের হিসাবও প্রকাশ করা হয়েছে।
সরকার জানিয়েছে, বিদেশ সফরের সাফল্য কেবল সফরের ব্যয়ের অঙ্কে নয়, বরং ভারতের কূটনৈতিক অবস্থান শক্তিশালী করা, বাণিজ্য সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ আকর্ষণের মতো ফলাফলের ভিত্তিতেই বিচার করা উচিত। প্রধানমন্ত্রী স্তরের বিদেশ সফরের মূল উদ্দেশ্য হল বিভিন্ন দেশের সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করা। তাঁর বিদেশ সফরের মাধ্যমে প্রযুক্তি, উদ্ভাবন, বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা এবং স্থিতিশীল সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সমঝোতা ও সহযোগিতার পথ তৈরি হয়।
প্রসঙ্গত, বিগত কংগ্রেস সরকারের আমলে ২০১১ ও ২০১৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও জার্মানি সফরে কয়েক কোটি টাকা ব্যয়ের তথ্য উল্লেখ মোদী সরকারের বক্তব্য, বিদেশ সফরের ব্যয়কে মূল্যায়নের ক্ষেত্রে সময়, মূল্যস্ফীতি ও মুদ্রা বিনিময় হারও বিবেচনায় নেওয়া উচিত।